সুনামগঞ্জে বজ্রপাতে তিন শিশু নিহত, আহত ৪

আপডেট : ১৯ মে ২০২২, ১৪:৩০

সুনামগঞ্জের তাহিরপুরে বাদাম খেতে কাজ করার সময় বজ্রপাতে তিন শিশু নিহত এবং চারজন বাদাম চাষি আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ মে) দুপুর ১২টায় জেলার তাহিরপুর উপজেলার সুন্দর পাহাড়ি গ্রামের পাশে বজ্রপাতে এই হতাহত হয়। গুরুতর আহতদের বাদাঘাট, তাহিরপুর ও সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

তাহিরপুরের বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন জানান, পাহাড়ি ঢলে বাদাম খেত ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এই অবস্থায় সুন্দর পাহাড়ি গ্রামের বাদাম চাষিরা পরিবারের শিশু মহিলাসহ সবাইকে নিয়ে বাদাম তুলতে যান। দুপুর ১২টায় ঝড়ের সময় বজ্রপাতে ঘটনাস্থলেই গ্রামের কৃষক আব্দুল হালিমের মেয়ে তাওহিদা বেগম (১১), ফজর আলীর মেয়ে রিপা বেগম ও আবুল আজিজের ছেলে আমিরুলের (১১) মৃত্যু ঘটে। এ ঘটনায় ৪ জন আহত হয়েছেন। আহতদের তাহিরপুর, বাদাঘাট ও সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, ‘ব্যক্তিগতভাবে নিহতদের পরিবারের হাতে পাঁচ হাজার করে নগদ টাকা দেওয়া হয়েছে।’

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজ্রপাতে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চত করেছেন।

ইত্তেফাক/এএইচ