সাংবাদিক, গীতিকার, কলামিস্ট ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরীর শেষ ইচ্ছা অনুযায়ী তার লাশ বাংলাদেশে আনা হচ্ছে। তাকে ঢাকার বনানী কবরস্থানে তার স্ত্রীর পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে বলে জানা গেছে।
আবদুল গাফ্ফার চৌধুরীর ঘনিষ্ঠজন যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমেদ খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আবদুল গাফ্ফার চৌধুরী জীবিত অবস্থায় আমাদের বলে গেছেন, তিনি মারা যাওয়ার পর বাংলাদেশে তার স্ত্রীর কবরের পাশে যেন তাকে দাফন করা হয়।
বৃহস্পতিবার (১৯ মে) যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুনা তাসনিম জানিয়েছেন, যুক্তরাজ্যের ব্রিকলেন মসজিদে আবদুল গাফফার চৌধুরীর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে আলতাব আলী পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য তার লাশ রাখা হবে। গাফ্ফার চৌধুরীর শেষ ইচ্ছা অনুযায়ী বাংলাদেশে তার স্ত্রীর কবরের পাশে তাকে সমাহিত করা হবে।
এর আগে, বিশিষ্ট সাংবাদিক ও কলাম লেখক আবদুল গাফ্ফার চৌধুরী স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে যুক্তরাজ্যের লন্ডনে একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র রচয়িতা। তার বয়স হয়েছিল ৮৮ বছর।
