লক্ষ্মীপুরের রামগতিতে বাজারে অগ্নিকাণ্ডে মালামালসহ ৯টি গুদাম ও ৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলা সদর আলেকজান্ডার বাজারে দায়রাবাড়ি রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একটি ফলের গুদাম ঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন। অগ্নিকাণ্ডে ঘর ও মালামাল পুড়ে অন্তত এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা সদর আলেকজান্ডার বাজারে রাত প্রায় আড়াইটার দিকে ফলের একটি গুদাম ঘরে আগুন দেখা যায়। ধারণা করা হচ্ছে ওই ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের রামগতি ও কমলনগর উপজেলার ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় ২ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে মালামালসহ ৯টি গুদাম ও ৬টি বসতঘরের মালামাল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্তরা হলেন, বাবুল হাওলাদার, মহিউদ্দিন, আবদুল মোতালেব, কনক দাস, সুবাস চন্দ্র সাহা, বিনোদ চন্দ্র সাহা, মোঃ নুরুল হক, মাহদুন্নুবী শাহিন, আবদুল বাছেত ও ডাঃ তোফায়েল আহাম্মদ।
লক্ষ্মীপুর পল্লীবিদ্যুৎ সমিতির রামগতি আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আবু বকর ছিদ্দিক জানান, অগ্নিকাণ্ডে বিদ্যুতের একটি পিলার পুড়ে যায় এবং সার্ভিস তারসহ ২০টি মিটার পুড়ে প্রায় ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন জানান, ফায়ার সার্ভিসের রামগতি ও কমলনগরের ২টি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্ট করে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর আগে মালামালসহ গুদাম ও বসতগুলো পুড়ে যায়। এ সময় আগুনের ধোঁয়ায় রামগতি ইউনিটের মামুন হোসেন নামের একজন ফায়ারম্যান অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
আরও পড়ুন: ফরিদপুরের যুবক ঈদে জীবননগর বেড়াতে এসে বজ্রপাতে নিহত
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল হক জানান, ক্ষয়ক্ষতি নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/নূহু
