থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত জনাব মোঃ আবদুল হাই থাইল্যান্ডের রেডক্রস সোসাইটির মহাসচিব মি. তাজ বুন্নাং এর সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন। শুক্রবার (২০ মে) এ বৈঠক করেন তারা।
উক্ত বৈঠকে বাংলাদেশের রেডক্রিসেন্ট সোসাইটি ও থাইল্যান্ডের রেডক্রস সোসাইটির মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার সুযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত বাংলাদেশের রেডক্রিসেন্ট সোসাইটির সম্মানিত চেয়ারম্যান ও মহাসচিবের শুভেচ্ছা বার্তা থাইল্যান্ডের মহাসচিব -এর নিকট পৌঁছে দেন।
বৈঠকে রাষ্ট্রদূত ২০১৮ ও ২০১৯ সালে থাইল্যান্ড রেডক্রস কর্তৃক বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা ও সরঞ্জামাদি প্রদানের জন্য থাইল্যান্ড রেডক্রসকে ধন্যবাদ জানান।
থাইল্যান্ডের রেডক্রস সোসাইটির মহাসচিব আগামী জুন ২০২২ এ সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক রেডক্রস-এর সাধারণ অধিবেশনে দুই সংগঠনের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানান।
এ আলোচনায় দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির নতুন সুযোগ তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দূতাবাসের কাউন্সেলর ও দূতালয়প্রধান জনাব মোঃ মাসূমুর রহমান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন।
