বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানা প্রাচীরসংলগ্ন পুরোনো বড় গাছগুলো এখন পার্শ্ববর্তী বাসিন্দাদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।
হাসপাতালের পাশের বাসিন্দা আব্দুল মতিন বলেন, কয়েক দিন আগে একটি বড় বটগাছ উপড়ে পড়ায় আমরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। এ গাছের মতো অন্যান্য গাছ উপড়ে বা ডালপালা ভেঙে পড়লে বাড়িঘরের ব্যাপক ক্ষতি হবে এবং তাতে প্রাণহানিও ঘটতে পারে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শ্যামল কুমার রায় বলেন, হাসপাতালের ঝুঁকিপূর্ণ গাছগুলোর বিষয়ে উপজেলা চেয়ারম্যান ও ইউএনওকে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে বন বিভাগের বিরামপুর (চরকাই) রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ উপজেলা চেয়ারম্যান বা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করলে সে পরিপ্রেক্ষিতে আমরা সরকারি নিয়ম অনুযায়ী গাছগুলোর মূল্য নির্ধারণ করে দেব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে এ ব্যাপারে আইনিপ্রক্রিয়ার মাধ্যমে পদক্ষেপ গ্রহণের জন্য বলা হয়েছে।
উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু বলেন, আমার কাছে আবেদন এলে সে পরিপ্রেক্ষিতে গাছগুলো কাটার ব্যবস্থা গ্রহণ করা হবে।
