সশস্ত্র বাহিনীর ২৫ জন বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার নিয়ে ‘বীরের মুখে বীরত্ব গাথা’ বইয়ের মোড়ক উন্মোচন করে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, ‘এ ধরনের উদ্যোগ দেশের যুবসমাজকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে এবং ইতিহাস সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ গত পহেলা মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত দৈনিক ইত্তেফাকে বীর মুক্তিযোদ্ধাদের এই সাক্ষাত্কার ছাপা হয়।
গত শুক্রবার সন্ধ্যায় কুর্মিটোলা আর্মি গলফ ক্লাবে জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে বইটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে ২৫ জন বীর মুক্তিযোদ্ধাকে উত্তরীয় পরিয়ে দেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এ সময় দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, বইয়ের সহসংকলক ‘নগদ’-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক, সেনাবাহিনীর লজিস্টিকস এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. জহিরুল ইসলামসহ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অবদান এ জাতি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। বীর মুক্তিযোদ্ধাদের অবদান বর্ণনা করে কিংবা বলে শেষ করা সম্ভব না। স্বাধীনতার মাসে ইত্তেফাকে সশস্ত্র বাহিনীর ২৫ জন মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। সেখান থেকে নগদ ও ইত্তেফাক ‘বীরের মুখে বীরত্ব গাথা’ বইটি প্রকাশের যৌথ উদ্যোগ নেয়। এই ধরনের মহতী কাজে যুক্ত হওয়ায় নগদকে ধন্যবাদ জানান সেনাপ্রধান।
অনুষ্ঠানে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘আমি এমন একটি মহতী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে সম্মানিত বোধ করছি। আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। মহান মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ে আমি সব সময় বিস্মিত হই। আমাদের স্বাধীন দেশ উপহার দিতে তারা নিজেদের জীবন বাজি রেখে অসম সাহসিকতার সঙ্গে লড়াই করেছেন। মহান মুক্তিযুদ্ধে শহিদ ও জীবিত সামরিক-বেসামরিক সব মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।’
এ বছর নগদ গৌরবময় মুক্তিযুদ্ধকে স্মরণ করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর আগে ১৯৫২-এর ২১ জন ভাষা সৈনিককে নিয়ে ‘ভাষা আন্দোলনে চট্টগ্রাম’ এবং একাত্তরের ৫০ জন বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ‘জয় বাংলা’ শীর্ষক দুইটি প্রকাশনা করেছে নগদ।
এছাড়া একই সঙ্গে ‘নগদ’ গলফ টুর্নামেন্ট ২০২২-এর বিজয়ীদের মধ্যে পুরস্কার হস্তান্তর করেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাপ্রধানের পত্নী নুরজাহান আহমেদ। গত ১৮ মে শুরু হওয়া তিন দিনব্যাপী এই টুর্নামেন্টে দেশি-বিদেশি মোট ৬৫০ জন গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিরুল ইসলাম সিকদার চ্যাম্পিয়ন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মোয়াজ্জেম হোসেন রানার আপ এবং মিসেস ফাতেমা মতিউর লেডিস চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেন।
