রাজারহাটে দিন দিন বাড়ছে কৃষিযন্ত্রের ব্যবহার। এতে ধান কাটা ও মাড়াই করতে সময় ও অর্থ দুই-ই সাশ্রয় হচ্ছে। সেই মান্ধাতা আমলের ধান কাটা ও মাড়াই থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছেন উপজেলার কৃষকরা। বিশেষ করে, ধান মাড়াই করতে যন্ত্রই এখন প্রধান ভরসা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ‘রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের’ আওতায় উপজেলায় এ পর্যন্ত ব্রডকাস্ট সিডার, ইউনার কম্বাইন্ড হারভেস্টর, হারভেস্ট ও পাওয়ার থ্রেসার বিতরণ করা হয়েছে। ছাটমল্লিকবেগ গ্রামের যুবক মোস্তাক চলতি মৌসুমে ধান মাড়াই করার একটি যন্ত্র ভাড়া নিয়ে সঙ্গে আরো চার-পাঁচ জন ধান মাড়াই করছেন।
তিনি বলেন, ‘৫ শতাংশ জমির ধান মাড়াই করা বাবদ ১০০/১২০ টাকা নিচ্ছি, প্রতিদিন সব খরচ বাদে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা আয় হয়।’
চাকিরপশার তালুক গ্রামের কৃষক শাহাজান আলী বলেন, শ্রমিকের যে দাম এবারে যন্ত্র দিয়ে ধান মাড়াই করে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হওয়ায় অনেক উপকৃত হয়েছি।’
উপজেলা কৃষি কর্মকর্তা সম্পা আকতার জানান, কৃষকদের যন্ত্রের প্রতি আকৃষ্ট করতে উপজেলায় ইতিমধ্যে বেশকিছু যন্ত্র কৃষক দল ও ব্যক্তি পর্যায়ে বিতরণ করা হয়েছে এবং আরো কিছু যন্ত্র বিতরণের অপেক্ষায় আছে।
