ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করলো রাশিয়া

আপডেট : ২১ মে ২০২২, ২১:৩০

প্রতিবেশী দেশ ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করেছে রাশিয়া। বার্তা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, গ্যাসের দাম রাশিয়ান মুদ্রায় পরিশোধ না করায় মস্কো এই ব্যবস্থা নিয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালানোর পর যে দেশগুলো রাশিয়াকে সমর্থন করেনি তারা ‘বন্ধু নয়' বলে তালিকা প্রকাশ করেছিল রাশিয়া। এরপর এ সকল দেশকে রাশিয়া থেকে গ্যাস আমদানির টাকা দেশটির স্থানীয় মুদ্রা অর্থাৎ রুবলে পরিশোধের দাবি জানায় ক্রেমলিন।

মূলত ইউক্রেন হামলার পর পশ্চিমা দেশগুলোর অবরোধের জবাবেই এই সিদ্ধান্ত নিয়েছিল মস্কো।  

রাশিয়ার গ্যাস সরবরাহের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংস্থা গ্যাজপ্রোম শনিবার জানায়, তারা ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে কেননা দেশটির সরকারের জ্বালানি বিষয়ক প্রতিষ্ঠান গাসুম ২০ মে অর্থাৎ শুক্রবারের কর্মদিবসের শেষ সময় পর্যন্ত রুবলে গ্যাসের টাকা পরিশোধ করেনি। 

ক্রেমলিনের তথ্য অনুযায়ী,  ২০২১ সালে ফিনল্যান্ডে রাশিয়ার রপ্তানিকৃত গ্যাসের পরিমাণ ছিল ১৪৯ কোটি কিউবিক মিটার, যা দেশটির বাৎসরিক চাহিদার এক তৃতীয়াংশ।

তবে রাশিয়ার গ্যাস রপ্তানি বন্ধ করে দেওয়ার পর ফিনল্যান্ড জানায়, ঘাটতি পূরণে তারা অ্যনান্য উৎস থেকে গ্যাস আমদানি করবে। এর মধ্যে বালটিককানেক্টর পাইপলাইন দিয়ে এস্তোনিয়া থেকে গ্যাস আমাদানির পরিকল্পনা করেছে দেশটি। এর মাধ্যমে ফিলিং স্টেশনগুলোতে কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে দাবি ফিনল্যান্ডের। 

তার আগে শুক্রবার ফিনল্যান্ড জানায়, রাশিয়ার উপর জ্বালানি নির্ভরতা কমাতে সরকার যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জির সাথে এলএনজি আমদানির বিষয়ে দশ বছরের একটি চুক্তি সাক্ষর করেছে। 

ইত্তেফাক/এসআর