ভেদরগঞ্জে পুকুরে ডুবে ২ স্কুল ছাত্রের মৃত্যু

আপডেট : ২২ মে ২০২২, ১৭:২৯

শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে পবিত্র (৭) ও রাহিম (১০) নামে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

রবিবার (২২মে ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের কোকোলা মাদ্রাসার পুকুরে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

পবিত্র উপজেলার রামভদ্রপুর ৫নং ওয়ার্ডের আলী আজগর সরদারের ছেলে ও রাহিম একই বাড়ির আব্দুল মান্নান সরদারের ছেলে। 

রাহিম উপজেলার ১২২নং বিজয় সরণি বিদ্যা নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পবিত্র রামভদ্রপুর রেবতী মহন উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিলেন।

পরিবার ও স্থানীয়রা জানান, দুপুরে দুই শিক্ষার্থী তাদের বাবা-মাকে না জানিয়ে পাশেই কোকোলা মাদ্রাসার পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তলিয়ে যায়। দুর থেকে পথচারীরা শিশু দুইটিকে পানিতে ডুবতে দেখে এলাকাবাসীকে জানায়। এলাকার লোকজন পানিতে নেমে খোঁজাখুঁজি করে দুই শিক্ষার্থীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

ভেদরগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগ না থাকায় লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/এমএএম