‘ছাত্রদল তপ্ত রোদে নয়, মাকে কটূক্তি করায় উত্তপ্ত’ 

আপডেট : ২২ মে ২০২২, ১৭:৫৯

জাতীয়তাবাদী ছাত্রদল তপ্ত রোদে উত্তপ্ত নয় বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। 

তিনি বলেন, ‘অনেকে মনে করেছেন আমরা এই তপ্ত রোদে উত্তপ্ত, আসলে তা নয়। শেখ হাসিনা আমাদের হৃদয়ে আঘাত করেছেন। আমাদের আদর্শিক মাকে নিয়ে কটূক্তি করেছেন। তাই আমরা উত্তপ্ত।’ 

রবিবার (২২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি করায় দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে এ বিক্ষোভ মিছিলের শুরু হয়। পরে তা ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টিএসসিতে শেষ হয়।

সমাবেশে ছাত্রদল নেতারা বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হত্যার হুমকি এবং ছাত্রদল নেতাদের ওপর পুলিশি হামলা ও নির্যাতনের প্রতিবাদ এবং আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক আক্তার হোসেন বলেন, ‘অবৈধভাবে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় থেকে শেখ হাসিনা যাকে হত্যার হুমকি দিয়েছেন, তিনিই কিন্তু ১৯৮৬ সালে শেখ হাসিনার উপরে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন। আমি আওয়ামী লীগ সভানেত্রীকে দায়িত্বশীল আচরণ করতে আহ্বান করছি। কাজী রওনকুল ইসলাম শ্রাবণসহ নেতাকর্মীদের হয়রানি বন্ধের জন্য পুলিশ ভাইদের অনুরোধ করছি। আপনারা ওসি প্রদীপ থেকে শিক্ষা নিন। সারাদেশে নৈরাজ্য বন্ধ করুন।’

তিনি আরও বলেন, ‘দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আরব বসন্তের ন্যায় বাংলাদেশেও আরেকটা বসন্ত হবে। যার নাম হবে তারেক বসন্ত, যার ছোঁয়াতে বাংলাদেশ আবারও গণতান্ত্রিক দেশে রূপান্তরিত হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যসচিব মো. আমানউল্লাহ আমানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি রাশেদ ইকবাল খান, সিনিয়র যুগ্ম-সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, ঢাবি ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আসরাফুল ইসলাম খান অনিক, সাফি ইসলাম, এজাজুল কবির রুয়েলসহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদ্য সাবেক নেতারা।

এ ছাড়াও, আহ্বায়ক কমিটির সদস্য, বিভিন্ন হলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ হলের বিভিন্ন পর্যায়ের নেতা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ, বাঙলা কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, ইডেন কলেজ ও বদরুন্নেসা মহিলা কলেজসহ বিভিন্ন ইউনিটের সহস্রাধিক নেতা-কর্মী এতে অংশ নেন।

ইত্তেফাক/এএইচ