দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে মরলো গরু

আপডেট : ০৬ জুন ২০১৯, ১৪:১৫

রাজশাহীর বাগমারায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে নুরুল ইসলাম নামে এক কৃষকের তিনটি গরু মারা গেছে ও একটি আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার মধ্যরাতে উপজেলার ঝিকরা ইউনিয়নের মরুগ্রামে। এই ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনার পর বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান। 

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, কৃষক নুরুল ইসলাম প্রতিদিনের মত মঙ্গলবার সন্ধ্যায় গরুগুলো তার গোয়াল ঘরে তুলে তালা লাগিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরে রাত সাড়ে ১২টার দিকে আগুনের লেলিহার শিখা দেখে গরুগুলো ছুটোছুটি ও চিৎকার করতে থাকে। এ সময় প্রতিবেশীদের ঘুম ভেঙ্গে গেলে তারা ছুটে এসে প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

পরে গোয়ালঘরে গিয়ে তারা দেখতে পান তিনটি গরু আগুনে পুড়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে এবং একটি গরু মারাত্মক আহত অবস্থায় পড়ে রয়েছে। পরে আহত গরুটিকে উদ্ধার করে বাইরে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

গরুর মালিক অভিযোগ করে বলেন, এলাকার কতিপয় ব্যক্তি শত্রুতা করে তার গোলাল ঘরে আগুন লাগিয়ে গরুগুলিকে পুড়িয়ে মেরে ফেলেছে। তিনি ওই সকল দুর্বৃত্তদের শাস্তির দাবি জানিয়েছেন। তিনি আরো জানান, তার গোয়ালঘরে কোন বৈদ্যুতিক সংযোগ বা মশার কয়েল দেওয়া ছিল না। 

এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার ওসি আতাউর রহমান জানান, ঘটনার পরের দিন সকালেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

ইত্তেফাক/জেডএইচ