গৌরনদীতে ২০ গ্রামের মানুষ আজ ঈদ পালন করছে

আপডেট : ০৬ জুন ২০১৯, ১৬:০৫

ঈদের দিন রোজা রেখে বরিশালের গৌরনদী উপজেলার বাঙ্গিলা হামিউস সুন্নাহ্ কওমী মাদ্রাসার ৭ শিক্ষক ও ২৫০ ছাত্রসহ ২৪৫টি পরিবারের ১২ শতাধিক নারী-পুরুষ আজ ঈদ পালন করছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় মাদ্রাসা মাঠে ঈদের জামাত শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদ আনন্দ ভাগাভাগি করেন তারা।

একইভাবে ঈদ আনন্দ উপভোগ করছেন মাদ্রাসা সংলগ্ন ধুরিয়াইল, ধানডোবা, নন্দনপট্টি, চাঁদশী, বড় কসবা, চেংগুটিয়াসহ ২০টি গ্রামের ২৪৫টি পরিবারের ১২ শতাধিক সদস্য। ঈদ উপলক্ষে সকলের বাড়িতে বিভিন্ন ধরনের রান্নাও হয়েছে।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান মাওলানা মুফতি আব্দুল কাদের জানান, তার মেয়ের জামাতা মাওলানা মুফতি মো. হাবিবুল্লাহ ঈদের জামাতে ইমামতি করেন। তার দাবি ঈদের জামাতে দেড় হাজার লোকের সমাগম হয়।

তিনি আরো বলেন, ‘ঈদের জামাতের ছবি তুলতে সাংবাদিকরা এলে তাদের ছবি তুলতে দেওয়া হয়নি। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন ইসলামে ছবি তোলা হারাম। তাই আমরা কাউকে হারাম কাজ করতে দেই না। এমনকি আমরা নিজেরাও হারাম কাজ করি না।’ 

মাওলানা আব্দুল কাদের বলেন, ‘হাদীসে আছে চাঁদ দেখে রোজা রাখো ও চাঁদ দেখে ঈদ পালন করো। কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটির প্রথম ঘোষণা কোরআন ও সুন্নাহর ভিত্তিতে ঠিক থাকলেও গত মঙ্গলবার রাত ১১টায় চাঁদ দেখা কমিটির ঘোষণা সঠিক হয়নি।’

আরও পড়ুন: দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে মরলো গরু

তাই কোরআন ও সুন্নাহয় বিশ্বাস করে গত বুধবার ভোররাতে সেহরী খেয়ে রোজা রেখেছেন তারা। তারপর যথাসময়ে ইফতার করে ৩০ রোজা পূর্ণ করে আজ ঈদ উৎসব পালন করছেন।

ইত্তেফাক/নূহু