কয়েক দিন ধরে অবিরাম বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার চরে ডুবে যাচ্ছে ভুট্টা ক্ষেত। বৃষ্টির কারণে ভুট্টা পরিচর্যা করতে না পারায় কুড়িগ্রামের রাজারহাটের তিস্তার চরের ভুট্টা চাষিরা চরম বিপাকে পড়েছেন। বিশেষ করে রোদে ভুট্টা শুকাতে না পারায় নষ্ট হয়ে যাচ্ছে অনেক চাষির ভুট্টা।
উপজেলার কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় ২ শ ৫৫ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। এর বেশির ভাগই হচ্ছে তিস্তার চরে। ইতোমধ্যে ভুট্টা কাটা মাড়াই পুরো দমে শুরু হয়েছে।
পাড়ামৌলা গ্রামের তরুণ কৃষক শাহ মহসিন আলী বলেন, তিনি একবিঘা জমিতে ভুট্টা চাষ করছেন। ইতোমধ্যে তুলে ভুট্টা ঘরে নিয়ে এসেছেন। কিন্তু বৃষ্টিতে ভুট্টা পরিচর্যা করতে পারছেন না। এদিকে বৃষ্টি ও ঢলে তিস্তার পানি বেড়ে নিচু এলাকার ভুট্টা ক্ষেতে পানি উঠেছে।এ অবস্থায় চলতে থাকলে অনেকের ভুট্টা নষ্ট হয়ে যাবে।
রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা সম্পা আকতার জানান চলতি মৌসুমে উপজেলায় ভুট্টার বম্পার ফলন হয়েছে। অল্প খরচে অধিক লাভের আসায় কৃষকরা এখন ভুট্টা চাষে আগ্রহী হয়ে উঠছে। বৃষ্টির কারণে ভুট্টা চাষিরা একটু বিপাকে পড়েছেন।
