মোরেলগঞ্জে কার্গোর আঘাতে নৌকার মাঝি নিহত

আপডেট : ২৩ মে ২০২২, ১৫:১৩

বাগেরহাটের মোরেলগঞ্জ পানগুছি নদীতে সিমেন্টের ফ্লাইএ্যাশ বহনকারী একটি কার্গো জাহাজের আঘাতে ফারুক খলিফা (৬০) নামে এক নৌকা মাঝি নিহত হয়েছেন। সোমবার (২৩ মে) বেলা ৯ টার দিকে ঘষিয়াখালী লঞ্চঘাটে এ দুর্ঘটনা ঘটে। সন্ন্যাসী নৌ পুলিশের পরিদর্শক মো. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

নিহত ফারুক খলিফা ঘষিয়াখালী গ্রামের আলকাজ খলিফার ছেলে। তিনি স্থানীয় আশ্রয়ণ প্রকল্পে মুজিববর্ষের ঘরের বাসিন্দা ছিলেন। তার স্ত্রী ও ৪ সন্তান রয়েছে। 

জানা গেছে, ঘটনার সময় ফারুক খলিফা তার নৌকাটি (টাপুরে নৌকা) ঘাটে বেঁধে তার মধ্যে অবস্থান করছিলেন। ওই সময় মোংলা থেকে চট্টগ্রাম গামী কার্গো ‘কাজী সোনিয়া-১’ নিয়ন্ত্রণ হারিয়ে নৌকাটির ওপর আঘাত করে। আঘাতে মাঝি ফারুক খলিফার মাথার খুলি ও ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে নিকটস্থ সন্ন্যাসী নৌ ফাঁড়ি ও মোরেলগঞ্জ থানা পুলিশের পৃথক দল ঘটনাস্থলে পৌঁছে কার্গো ও এর নাবিকদের নিরাপদে সরিয়ে নেয়। 

জাহাজের পাইলট বেলায়েত হোসেন বলেন, ‘জাহাজটি নিয়ন্ত্রণ হারানোর সঙ্গে সঙ্গেই আমরা সকলকে সতর্ক করি এবং ঘাট এলাকা থেকে সরে যাবার জন্য জাহাজের মাইকে প্রচার করি। কিন্তু ওই মাঝি হয়তো এ ঘোষণা শুনতে পায়নি’।

এ বিষয়ে সন্ন্যাসী নৌ পুলিশের পরিদর্শক মো. শরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরী হয়েছে। নাবিকসহ কার্গোটি আটক করে নিরাপদ হেফাজতে নেওয়া হয়েছে। এবং নিহত ফারুক খলিফার মরদেহ উদ্ধার করে পোষ্টমর্টেম এর জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/ ইআ