বগুড়ার শেরপুরে রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী অপু এন্টারপ্রাইজ এবং শেরপুর থেকে বগুড়াগামী করতোয়া গেটলক যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন করতোয়া গেটলক বাসের চালক। আহত হয়েছেন আরও ২০ জন।
নিহত করতোয়া গেটলক বাসের চালক শহীদুল ইসলাম (৩৫) উপজেলার কাফুরা গ্রামের মহির উদ্দিনের ছেলে। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর গবাদি ও প্রাণী উন্নয়ন খামারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: খাজাবাবা-পরিস্থানের চাপে চ্যাপ্টা সিএনজি, আহত ৩
শেরপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবীর জানান, অপু এন্টারপ্রাইজের বাসটি ওই এলাকায় পৌঁছালে সামনের চাকা ফেটে যায়।এ সময় করতোয়া গেটলক সার্ভিসের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। বাস দুটি উল্টে যায়। পরে এ ঘটনায় আহতদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। অপু এন্টারপ্রাইজের বাসচালক ও হেলপার পলাতক রয়েছেন। অপর বাসচালক নিহত হয়েছেন।
ইত্তেফাক/অনি
