মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহকদের ঋণ দিতে ১০০ কোটির তহবিল

আপডেট : ২৪ মে ২০২২, ০৮:১৫

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) গ্রাহকদের জন্য ‘ডিজিটাল ক্ষুদ্রঋণ’ নামে ১০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। মোবাইল ব্যাংকিং-সেবা দেওয়া ব্যাংকগুলো এ তহবিল থেকে অর্থের জোগান পাবে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিকাশ, রকেট, এমক্যাশ, উপায়সহ দেশে বর্তমানে ১৩টি প্রতিষ্ঠান মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক সেবা (এমএফএস) দিচ্ছে। একই ধরনের সেবা দিচ্ছে ডাক বিভাগের সেবা ‘নগদ’। তবে নগদ এমএফএস সেবা দিলেও এ হিসাবে অন্তর্ভুক্ত করা হয়নি।

কেন্দ্রীয় ব্যাংক তহবিল গঠন করলেও অনেক আগে থেকেই বিকাশ সিটি ব্যাংকের সঙ্গে চুক্তি করে এ কার্যক্রম শুরু করেছে। বিকাশের যোগ্য গ্রাহকদের তিন মাস মেয়াদে ৫০০ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে, যার সুদের হার হবে ৯ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা জানান, মোবাইল ব্যাংকিং-সেবা দিয়ে যাচ্ছে—এমন ব্যাংক এ তহবিল থেকে অর্থের জোগান পাবে। যেসব প্রতিষ্ঠানের সঙ্গে ব্যাংকের সংশ্লিষ্টতা নেই (বিকাশ, নগদ), তারা যে কোনো ব্যাংকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে এ সুবিধা নিতে পারবেন।

চুক্তির ভিত্তিতে তিন মাসমেয়াদি অর্থ সংগ্রহ করবে ব্যাংক। তিন মাস পর আগের দেনা পরিশোধ করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে ই-কেওয়াইসি সম্পন্ন করে গ্রাহক হয়েছেন, শুধু তাদেরই ঋণ দেওয়া যাবে।

চলতি বছরের মার্চ মাস মোবাইল ব্যাংকিংয়ে নিবন্ধিত গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১১ (১০ কোটি ৯১ লাখ ৩০ হাজার ৪০৫) কোটি। এসব গ্রাহকের মধ্যে প্রান্তিক পর্যায়ে রয়েছেন ৫ কোটি ৬৬ লাখ। শহরাঞ্চলে রয়েছেন ৫ কোটি ২৪ লাখ। গ্রাহকদের মধ্যে পুরুষ ৬ কোটি ৩১ লাখ ৭৫ হাজার এবং নারী ৪ কোটি ৫৬ লাখ ২৬ হাজার। আলোচিত সময়ে মোবাইল ব্যাংকিং এজেন্টের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৫১ হাজার ২১৩টিতে।

ইত্তেফাক/এমআর