কাতার বিশ্বকাপ-২০২২ প্রাক-বাছাইয়ের প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার লাওসের ভিয়েনতিয়ানে মাচের দ্বিতীয়ার্ধে ৭১ মিনিটে বদলি ফরোয়ার্ড রবিউল হাসানের একমাত্র গোলে জয় পায় বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই একরকম কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ। ভুল পাস আর প্রায় অপরিকল্পিত খেলার মাধ্যমেই শেষ হয় বাংলাদেশের প্রথমার্ধ। তবে এ সময় আক্রমণাত্মক ছিল স্বাগতিকরা। ডিফেন্সিভ খেলে কোন রকম তাদের আক্রমণ প্রতিহত করে বাংলাদেশ।
তবে চেহারা পাল্টে দ্বিতীয়ার্ধে মাঠে নামে বাংলাদেশ। নেমেই স্কোয়াডে পর পর দুইটি পরিবর্তন আনেন বাংলাদেশের কোচ জেমি ডে। মাঠে আরিফুলের পরিবর্তে রবিউল এবং মতিনের পরিবর্তে সবুজকে সুযোগ দেন তিনি। ডিফেন্সিভ বাংলাদেশ টিমে যোগ হয় নতুন ফরোয়ার্ড। আর এতেই আক্রমণাত্মক খেলায় চলে যায় বাংলার ফুটবলাররা। মাঠে নেমেই সুযোগ কাজে লাগাতে পারেননি সবুজ। মিস করেন নিশ্চিত গোল। তবে ম্যাচের ৭১ মিনিটের মাথায় কাঙ্খিত গোলের দেখা পায় বাংলাদেশ। মাঝ মাঠ থেকে বল নিয়ে ডি-বক্স পর্যন্ত উঠে আসেন রবিউল। এরপরই বক্সের মাথা থেকে এক দুর্দান্ত শটে গোল করেন তিনি। বাংলাদেশ এগিয়ে যায় ১-০ গোলে।
আরও পড়ুন: তিনবারের চেষ্টায় গেইলকে ফেরালেন ‘আম্পায়ার’
জার্সি খুলে গোল উদযাপন করেন রবিউল। তবে মাঠে খেলার সময় জার্সি খুলে উদযাপন নিষিদ্ধ হওয়ায় হলুদ কার্ড দেখতে হয় তাকে।
উল্লেখ্য, আগামী ১১ জুন ঢাকায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ-লাওস ফিরতি ম্যাচ। ওই ম্যাচে ড্র করতে পারলেও এই পর্বের দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে বাংলাদেশ।
ইত্তেফাক/জেডএইচডি
