অস্ট্রেলিয়ার দেয়া ২৮৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। নটিংহ্যামে বৃহস্পতিবার বিকেলে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ। ব্যাট হাতে নেমে অস্ট্রেলিয়া ৪৯ ওভারে ২৮৮ রান করে। জবাবে ৩২ ওভারের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১৭৩ রান।
জবাব দিতে নেমে দলীয় ৭ রানে ওপেনার এভিন লুইস ফিরে যান। দলীয় ৩১ রানে অপর ওপেনার ক্রিস গেইল দুর্ভাগ্যজনকভাবে এলবিডব্লিউর ফাঁদে পড়ে মাঠ ছাড়েন। বিশ্বের অন্যতম মারকুটে এই ব্যাটসম্যানকে তিনবার এলবি’র সিদ্ধান্ত দেন অন ফিল্ড আম্পায়ার। দু’বার রিভিউতে রক্ষা পেলেও তৃতীয়বারের সিদ্ধান্ত তার বিরুদ্ধে যায়। যদিও ওই বলও লেগ স্ট্যাম্পের বাইরের অংশের লাইনে ছিল। আউট হওয়ার আগে ১৭ বলে ২১ রান করেন তিনি।
তৃতীয় উইকেটে শাই হোপ ও নিকোলাস পুরান দলকে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করেন। তবে দলীয় ৮৯ রানে ৩৬ বল থেকে ৪০ রান করা পুরান ফিরেন সাজঘরে। হোপের সঙ্গে ৫০ রানের জুটি গড়ে রান আউট হয়ে সাজঘরে যান শিমরন হেটমায়েরও। তবে শাই হোপ অর্ধশত রান করে সামনে এগুচ্ছেন।
এর আগে শুরুতে ব্যাট করে এক ওভার বাকি থাকতেই অস্ট্রেলিয়া ২৮৮ রান করে অলআউট হয়। ব্যাটিংয়ে নেমে দলীয় ১৫ রানে অধিনায়ক অ্যারন ফিঞ্চকে ফিরিয়ে দিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনে প্রথম আঘাত হানেন ওশান থমাস। দলীয় স্কোরে ১১ রান যোগ হতেই আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার ফিরেন শেলডন কটরেলের বলে।
এই ধারায় দলীয় ৭৯ রানের মধ্যে একে একে মাঠ ছাড়েন ওসমান খাজা, গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কস স্টয়েনিস। শুরুতে আউট হওয়া পাঁচ ব্যাটসম্যানের মধ্যে স্টয়েনিস (১৯) ও ওসমান খাজা (১৩) ছাড়া কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি।
এরপর স্টিভেন স্মিথের সঙ্গে জুটি বাঁধেন অ্যালেক্স ক্যারি। ষষ্ঠ উইকেটে এ দু’জন ৬৮ রান যোগ করে প্রাথমিক চাপ সামাল দেন। এ সময় ক্যারি ৪৫ রান করে আউট হন। এরপর স্মিথের সঙ্গী হন কোল্টার ডি নাইল। এ দু’জনের ১০২ রানের জুটিই মূলত অস্ট্রেলিয়াকে লড়াকু ইনিংস গড়তে সাহায্য করে। দলীয় ২৪৯ রানে স্মিথ আউট হন। ১০৩ বল থেকে ৭টি চারের মারে তিনি করেন ৭৩ রান।
স্মিথ ফিরে গেলে বাকি ৩ উইকেট হারিয়ে আর ৩৯ রান যোগ করতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত এক ওভার বাকি থাকতেই ২৮৮ রান তোলে তারা। নাইল ৬০ বল থেকে ৯২ রানের দারুণ একটা জুটি গড়েন। মেরেছেন ৮টি চার ও চারটি ছক্কা। ক্যারিবীয় বোলারদের মধ্যে ক্রেইগ ব্র্যাথওয়েট সর্বোচ্চ তিনটি উইকেট নেন। এছাড়া আন্দ্রে রাসেল, শেলডন কটরেল ও ওশান থমাস দুটি করে উইকেট নেন।
আফগানিস্তানের বিপক্ষে জয়ে বিশ্বকাপ শুরু করেছে অস্ট্রেলিয়া। অপরদিকে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের যাত্রাও শুরু হয়েছে জয় দিয়েই। তাই এই ম্যাচ দু’দলের জন্যই এগিয়ে যাওয়ার লড়াই।
ইত্তেফাক/কেআই
