আজ ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা

আপডেট : ২৭ মে ২০২২, ০৯:১৭

৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে আজ শুক্রবার। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কেন্দ্রগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টা থেকে ৯টা ২৫ মিনিটের মধ্যে আসন গ্রহণ করতে হবে।

শুক্রবার সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হয়ে ১২টা পর্যন্ত ২০০ নম্বরের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। সাড়ে ৩ লাখেরও বেশি চাকরিপ্রত্যাশী পরীক্ষায় অংশ নেবেন বলে জানা গেছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) সূত্রে। এবার ৪৪তম বিসিএসে মোট আবেদন করেছেন ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন।

সরকারি কর্ম কমিশন (পিএসসি) বলেছে, বরাবরের মতই বই, ব্যাগ, ঘড়ি, মোবাইল, ক্যালকুলেটর বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না।

পিএসসির নির্দেশনায় আরও বলা হয়েছে, পরীক্ষার সময় কোনো প্রার্থী কানের ওপর কোনো আবরণ রাখতে পারবেন না, কান খোলা রাখতে হবে। কানে কোনো ধরনের হিয়ারিং এইড (শ্রবণযন্ত্র) ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শপত্রসহ আগেই কমিশনের অনুমোদন গ্রহণ করতে হবে।

পিএসসি জানায়, কেন্দ্রে উল্লেখিত কোনো জিনিস প্রার্থীর কাছে পাওয়া গেলে তা বাজেয়াপ্তসহ বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা ২০১৪ এর বিধি ভঙ্গের কারণে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলসহ ভবিষ্যতে পিএসসির সব নিয়োগ পরীক্ষার জন্য অযোগ্য ঘোষণা করা হবে। তাই এ বিষয়ে সবাইকে সর্তক থাকার আহ্বান জানিয়েছে পিএসসি কর্তৃপক্ষ।

ইত্তেফাক/এমআর