লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ

আপডেট : ২৭ মে ২০২২, ১২:১৩

ঢাকা টেস্টে ইনিংস হারের শঙ্কা নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করে বাংলাদেশ দল। দিন শেষে স্বাগতিকদের লক্ষ্য ছিল, আজ শুক্রবার পঞ্চম ও শেষদিনের প্রথম সেশনে কোনো উইকেট না হারানো। তবে সে লক্ষ্য পূরণ হয়নি। মুশফিকুর রহিম সাজঘরে ফেরার পর বিপদের আভাস দেখা দিয়েছিলো। কিন্তু তা কাটিয়ে উঠেছেন লিটন দাস ও সাকিব আল হাসান।

সাকিব নিজে বলেন, অন্তত ৩ ঘণ্টা ব্যাটিং করতে চান দলকে বাঁচাতে। সে পরিকল্পনায় শতভাগ না হলেও লেটার মার্ক দিতে হবে বাংলাদেশ দলকে। প্রথম সেশনে মাত্র ১টি উইকেট হারিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে উল্টো লিড নিয়েছে টাইগাররা।

৪ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে মাত্র ৩৪ রান। ইনিংস হার থেকে বাঁচতে আজ করতে হবে আরও ১০৭ রান। মিরপুরের উইকেটে পঞ্চম দিন বিবেচনায় কাজটি সহজ নয় মোটেও।

বাংলাদেশ দল শেষপর্যন্ত হার এড়াতে পারবে কিনা সেই প্রশ্ন সময়ের হাতে তুলে রাখলে প্রথম সেশনটা মুমিনুল হকের দলের। অন্তত ইনিংস হারের শঙ্কা যে উবে গেছে। প্রথম সেশন শেষে ৫ উইকেট হারিয়ে ১৪৯ রান করেছে স্বাগতিকরা। লঙ্কানদের লিড দিয়েছে ৮ রানের।

মুশফিকের আউটের পর লিটনকে নিয়ে প্রথম সেশনের বাকি দুই ঘণ্টার গল্পটা নিজেদের নামে লিখেছেন অন্তত ৩ ঘণ্টা ব্যাট করতে চাওয়া সাকিব। তাতে ইনিংস হারের হাত থেকে দলকে বাঁচাতে পেরেছেন এই অলরাউন্ডার। দায়িত্বশীল ব্যাটিংয়ে লিটন একপ্রান্ত ধরে খেলেছেন, অন্য প্রান্তে আগ্রাসী ভূমিকায় সাকিব। ওয়ানডে স্টাইলে ব্যাট চালিয়ে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলেছেন তিনি, লাঞ্চের আগে ফিফটি তুলে নিয়েছেন তিনি।

ইত্তেফাক/টিআর