বিশ্ব পর্যটন সংস্থার সাধারণ পরিষদের ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশ

আপডেট : ০৭ জুন ২০১৯, ১৪:৪৭

বাংলাদেশ জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার সাধারণ পরিষদের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। একইসঙ্গে সংস্থাটির ক্রেডেনশিয়াল কমিটিরও সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার এ কথা জানানো হয়।

গত ৩ ও ৬ জুন ভুটানের রাজধানী থিম্পুতে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ব পর্যটন সংস্থার কমিশন ফর সাউথ এশিয়ার ৫৭তম সম্মেলনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এ সময় বাংলাদেশ বিশ্ব পর্যটন সংস্থার ক্রেডেনশিয়াল কমিটির সদস্য হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয় এবং বিশ্ব পর্যটন সংস্থার সাধারণ পরিষদের ভাইস প্রেসিডেন্ট পদে বাংলাদেশের বিপক্ষে ইরান প্রতিদ্বন্দ্বিতা করলেও বাংলাদেশ কমিশন ফর সাউথ এশিয়ার সকল সদস্যের ভোট পেয়ে বিজয়ী হয়।

আরো পড়ুন: গরুর মাংসে হাড় বেশি দেওয়ায় সংঘর্ষ, আহত ২০

এ বিজয়ের ফলে বাংলাদেশ বিশ্ব পর্যটন সংস্থার ২৩তম অধিবেশনে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা ছাড়াও ১বছর মেয়াদে এ পদে অধিষ্ঠিত থাকবে।
বাংলাদেশ বর্তমানে জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার কমিশন ফর সাউথ এশিয়ার চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে।

উল্লেখ্য, বিশ্ব পর্যটন সংস্থার কমিশন ফর সাউথ এশিয়ার ৫৭তম সম্মেলনে যোগ দিতে গত ২ জুন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল ভুটান গেছেন।

ইত্তেফাক/এমআই