পশ্চিম আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে: রাশিয়া 

আপডেট : ২৭ মে ২০২২, ২০:২০

রাশিয়া এবং তার জনগণ ও সংস্কৃতির বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো যুদ্ধ চালিয়ে যাচ্ছে। শুক্রবার (২৭ মে) রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই অভিযোগ করেছেন। 

মন্ত্রণালয়ের এক বৈঠকে ল্যাভরভ বলেন, পশ্চিমারা আমাদের বিরুদ্ধে, 'পুরো রাশিয়ান বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। রাশিয়াকে বাতিল করার সংস্কৃতি এবং আমাদের দেশের সঙ্গে সংযুক্ত সবকিছু ইতোমধ্যেই অর্থহীনতার পর্যায়ে পৌঁছেছে।'

এসময় তিনি রাশিয়ান লেখক, সুরকার এবং অন্যান্য সাংস্কৃতিক ব্যক্তিত্বকে নিষিদ্ধ করার জন্য পশ্চিমাদের অভিযুক্ত করেন। 

ল্যাভরভ আরও বলেন, এটা বলা নিশ্চিত যে এই পরিস্থিতি আমাদের সঙ্গে দীর্ঘ সময়ের জন্য থাকবে। 

রুশ এই পররাষ্ট্রমন্ত্রীর মতে, ওয়াশিংটন এবং এর উপগ্রহগুলো আমাদের দেশকে 'ধারণ' করার জন্য তাদের প্রচেষ্টাকে দ্বিগুণ, তিনগুণ, চারগুণ করছে। 

তিনি বলেন, তারা বিস্তৃত পরিসরের উপকরণ ব্যবহার করছে- একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে শুরু করে বিশ্বব্যাপী মিডিয়া স্পেসে পুরোপুরি মিথ্যা প্রচার করছে। ল্যাভরভ বলেন, অনেক পশ্চিমা দেশে দৈনিক রুশফোবিয়া একটি নজিরবিহীন প্রকৃতি হয়ে উঠেছে। 

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৯৩ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে মধ্যে সংঘাত আরও বেড়েছে। 

ইত্তেফাক/এসআর