সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির পল্লী উন্নয়ন-সমবায় বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী আর নেই। শুক্রবার (২৭ মে) বেলা দেড়টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের জরুরি বিভাগে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, গৌতম চক্রবর্তী হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তিনি মারা যান। গৌতম চক্রবর্তীর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক ছিলেন। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। গৌতম চক্রবর্তীকে শেষ শ্রদ্ধা জানাতে বিকালে তার কফিন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নেওয়া হয়। সেখানে বিএনপির নেতাকর্মীদের শ্রদ্ধা জানানোর পর ঢাকেশ্বরী মন্দিরে নেওয়া হয়। পরে তাকে গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুরে নিয়ে যাওয়া হয় শেষকৃত্যের জন্য।
টাঙ্গাইল-৬ আসন (নাগরপুর-দেলদুয়ার) থেকে ১৯৯৬ ও ২০০১ সালে দুইবার এমপি নির্বাচিত হন বিএনপি নেতা গৌতম। ২০০১ সালে বিএনপি সরকার গঠন করলে তাকে পানিসম্পদ প্রতিমন্ত্রী করেন তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
