গঙ্গাচড়ায় বাদামচাষিদের মাথায় হাত পড়েছে। পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার কারণে পানিতে ডুবে আছে বাদামখেত। এতে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
কৃষকরা জানান, প্রায় তিন মাস ধরে দফায় দফায় বৃষ্টিতে উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের বুড়িডাঙ্গী এবং গজগন্টা ইউনিয়নের রাজবল্লভ ও ছালাপাক এলাকার কমপক্ষে ৫০ একর জমির বাদামখেত পানিতে তলিয়ে গেছে। গত এক মাস ধরে পানিতে তলিয়ে আছে। পানি নিষ্কাশন না হওয়ায় বাদাম পচে যাচ্ছে। তাছাড়া বাদাম এখনো পরিপক্ব হয়নি। বাদাম তোলার সময় হয়নি।
কৃষকরা আরো জানান, তামাক কিংবা আলু তোলার পর এসব জমিতে বাদাম চাষ করেছেন তারা। কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজবল্লভ এলাকার কৃষক রশিদুল ৪৩ শতক, জমিদার এক একর, আউয়াল ৫০ শতক, লেবু ২২ শতক, জিল্লুর ২২ শতক, আবুল হোসেন ৫০ শতকসহ অনেকে বাদাম চাষ করেছেন। কৃষকরা জানান, বাদাম তোলার সময় হয়নি। গত এক মাস ধরে বাদামখেত পানিতে তলিয়ে আছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর ২৫০ হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম বলেন, লোকজন দিয়ে ক্ষতির হিসাব করছি।
