চাঁদপুরের মেঘনা নদী থেকে বালু উত্তোলন করতে আলোচিত-সমালোচিত ইউপি চেয়ারম্যান সেলিম খানকে দেওয়া হাইকোর্টের অনুমতির আদেশ বাতিল করেছেন আপিল বিভাগ।
রবিবার (২৯ মে) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান। সেলিম খানের পক্ষে ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি।
এর আগে বালু উত্তোলনের অনুমতি চেয়ে সেলিম খানের আরেকটি আবেদন গত ২৩ মে খারিজ হয়ে যায় হাইকোর্ট। এর পর রবিবার প্রধান বিচারপতির নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চে বালু উত্তোলনের অনুমতি বাতিলের বিষয়ে শুনানির দিন নির্ধারিত হয়।
অভিযোগ রয়েছে, গত আট বছর ধরে পদ্মা ও মেঘনা থেকে অবাধে বালু উত্তোলন করে চলেছেন সেলিম খান। তবে এই আট বছরে সরকারকে এক টাকাও রাজস্ব দেননি। এমনকি অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পরিবেশ ও প্রাণবৈচিত্র্যের ক্ষতি হচ্ছে।
সেলিম খান গত এক দশকের বেশি সময় ধরে চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বর্তমানে তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। সবশেষ গত বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নয়জন সদস্যসহ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন তিনি।

সুপ্রিম কোর্টে নিরাপত্তা জোরদার, প্রবেশে কড়াকড়ি