দর্শনা কেরু চিনিকলে কারখানা মূল্যায়ন সভা অনুষ্ঠিত

আপডেট : ২৯ মে ২০২২, ১৯:৫৫

চুয়াডাঙ্গার দামুড়হুদায় দর্শনা কেরু চিনিকলে কারখানা মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ মে) বেলা ১১টায় চিনিকলটির ট্রেনিং কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. আরিফুর রহমান অপু। 

তিনি বলেন, যদি চিনিকলে লাভের মুখ দেখতে হয় তবে অবশ্যই কারখানা মূল্যায়ন সভার মাধ্যমে ভুলক্রুটি সংশোধন করে এগিয়ে যেতে হবে। খামার দিবসে খামারের লোকসান যাতে না হয় সে দিকে সকলের নজর রাখতে হবে।

৪টি মিলের কর্মকর্তাদের সমন্বয়ে কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে এই সভায় আরও উপস্থিত ছিলেন খাদ্য শিল্প করপোরেশেনর উৎপাদন ও প্রকৌশলী বিভাগের প্রধান প্রকৌশলী মো. এনায়েত হোসেন, প্রকৌশলী আনোয়ার কবির, রসায়নবিদ আহম্মাদ মশীহুর রহমান, জিলবাংলা চিনিকলের এমডি রাব্বিক হাসান, ফরিদপুর চিনিকলের এমডি খবির উদ্দিন মোল্লা, মোবারকগঞ্জ চিনিকলের এমডি রাকিবুর রহমান ও কুষ্টিয়া রেইনউইক কারখানার এমডি আব্দুল ওয়াদুদ। 

কেরু চিনিকলের সহকারী মহাব্যবস্থাপক শেখ শাহাব উদ্দিন জানান, এই মূল্যায়ন সভা দুইদিন চলবে। আমরা আশা করছি সভার মাধ্যমে কারখানা সংশ্লিষ্ট সকলে উপকৃত হবে।

ইত্তেফাক/এসটিএম