রাজশাহী মহানগরীতে ভুয়া পুলিশ সেজে রিকশা থামিয়ে দুই নারী যাত্রীকে তল্লাশির চেষ্টার অভিযোগে দুই বখাটে যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
রবিবার (২৯ মে) সকালে রাজশাহী মহানগরীর হাদির মোড় এলাকায় আটক দুই যুবককে বোয়ালিয়া থানা পুলিশে সোপর্দ করা হয়। আটকরা হলেন- রাজশাহীর চারঘাট উপজেলার খোরগবিন্দপুর গ্রামের মো. সোহান (২৫) এবং নগরীর সিপাইপাড়ার বাসিন্দা মো. সেলিম (২৪)।
স্থানীয়দের বরাত দিয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, রবিবার সকালে চারঘাট উপজেলার টাঙ্গন থেকে দুই নারী রিকশাযোগে ডাক্তার দেখাতে রাজশাহী শহরে আসছিলেন। পথিমধ্যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পাশে ঢাকা-রাজশাহী মহাসড়কে আটক সেলিম ও সোহান পুলিশ পরিচয়ে রিকশার গতিরোধ করে দুই নারীর শরীর তল্লাশি করতে চান। দুই নারীর কাছে মাদক আছে বলেও তারা অভিযোগ করেন। এ সময় ওই দুই নারী তাদের স্বজনদের ফোন করলে সোহান ও সেলিম পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন স্থানীয়রা ধাওয়া দিয়ে তাদের হাদির মোড় এলাকায় ধরে ফেলেন। এ সময় পুলিশের পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হলে স্থানীয়রা বোয়ালিয়া মডেল থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে থানায় নিয়ে যায়।
ওসি আরও বলেন, থানার একজন অফিসারকে ঘটনা তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি সকাল থেকেই বিষয়টি তদন্ত করছেন। বর্তমানে আটকদের থানা হেফাজতে রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নজরুল পুরস্কার পেলেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
এতদিন কি ঘুমিয়েছিলেন, রাষ্ট্রপক্ষের উদ্দেশে প্রধান বিচারপতি