ব্যালন ডি’অর বেনজেমারই প্রাপ্য

আপডেট : ৩০ মে ২০২২, ০৫:০৪

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগেও ব্যালন ডি’অর জেতার দৌড়ে করিম বেনজেমার সঙ্গে সাদিও মানে ও মোহাম্মদ সালাহর নামই ছিল। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে সাদিও মানে, সালাহর লিভারপুলকে হারিয়ে ট্রফি জিতেছে বেনজেমার রিয়াল মাদ্রিদ। ইউরোপ সেরার মুকুট জয়ী রিয়ালের বেনজেমাই এখন ব্যালন ডি’অরের দৌড়ে বাকি দুই জনের তুলনায় এগিয়ে গেছেন।

সাবেক ইংলিশ ডিফেন্ডার রিও ফার্ডিনান্ডের মতে, বিতর্কের দিন শেষ, এবার ব্যালন ডি’অর জিতবেন ফরাসি ফরোয়ার্ড বেনজেমাই। আর সেটি না হলে বড়সড় অন্যায় হবে। তাকে সমর্থন জানিয়েছেন লিভারপুলের সাবেক ফুটবলার স্টিভেন জেরার্ডও। তিনি বলছেন, বেনজেমা অলরাউন্ড স্ট্রাইকার।

ক্লাব ফুটবলে ৩৪ বছর বয়সি এই ফরোয়ার্ড এবার ক্যারিয়ারের সেরা মৌসুম কাটিয়েছেন। লা-লিগায় ২৭টি গোল করেছেন। চ্যাম্পিয়ন্স লিগে ১৫ গোল করেছেন, যার মধ্যে পিএসজি ও চেলসির বিপক্ষে দুটি হ্যাটট্রিক ছিল।

আগামী অক্টোবরে জানা যাবে ব্যালন ডি’অর উঠছে কার হাতে?

ইত্তেফাক/টিআর