জাসদ সভাপতি ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, 'খালেদা জিয়ার মুক্তির দাবি মানে হচ্ছে রাজাকার, জামায়াত ও জঙ্গি পুনর্বাসন প্রকল্প এবং গণতন্ত্রের কবর রচনার চক্রান্ত।' শুক্রবার নোয়াখালী সার্কিট হাউজ মিলনায়তনে জেলা জাসদের সভাপতি নূর আলম চৌধুরী পারভেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভেকেট আজিজুল হক বকশীর পরিচালনায় অনুষ্ঠিত এক মতবিনিময় সমাবেশে তিনি এ কথা বলেন।
জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেনের 'গণতন্ত্র পুনরুদ্ধার এবং খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের ডাক' দেওয়ার জবাবে নোয়াখালীতে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হাসানুল হক ইনু এ কথা বলেন। তিনি বলেন, 'খালেদার মুক্তি দাবিতে যারা সোচ্ছার, মুক্তি দাবি যারা করেন, তারা কার্যত বাংলাদেশে রাজাকার, জামায়াত, জঙ্গি ও যুদ্ধাপরাধীদের রাজনীতিতে পুনর্বাসনের প্রকল্প চালু করতে চান। আর গণতন্ত্রের কবর রচনার চক্রান্ত করছেন। রাজাকার জঙ্গি জামায়াতের ঘনিষ্ঠ মিত্র এবং রক্ষক বিএনপি, খালেদা এবং তারেকের সঙ্গে হাত মিলিয়ে গণতন্ত্র উদ্ধার হয় না, গণতন্ত্রের কবর রচনা হয়।'
ড. কামাল হোসেনকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'বাংলাদেশের দুর্ভাগ্য এ দেশের উকিল, মোক্তার এবং কতিপয় নামকরা ব্যারিষ্টার সাহেবেরা তারা প্রমাণিত দুর্নীতিবাজকে মুক্ত করার জন্যে আন্দোলনের হুমকি দেন।'
তিনি আরও বলেন, 'আমি পরামর্শ দেব আদালতে বারান্দায় লড়াই করেন। দুর্নীতিবাজের পক্ষে ওকালতি করবেন না। এতে গণতান্ত্রিক রাজনীতি দূষিত হয়। সুতরাং এই দূষণ থেকে গণতান্ত্রিক রাজনীতিকে রক্ষা করতে হবে।'
আরও পড়ুন: সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
এর আগে বক্তব্যের শুরুতে তিনি ঐতিহাসিক ৬ দফা আন্দোলনে ৭ জুনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় জাসদের নেতাকর্মী মুক্তিযোদ্ধা, সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, চিকিৎসক সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/জেডএইচডি
