ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফুলের সমাহার 

আপডেট : ৩০ মে ২০২২, ১১:৫৯

‘নানা রঙে সেজেছে আজ কৃষ্ণচূড়ার ডাল, থোকায় থোকায় ফুটেছে ফুল গাছ হয়েছে লাল।’ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফুটেছে বাহারি রঙের কৃষ্ণচূড়া, রাধাচূড়া, সোনালি, জারুল ফুল। তৈরি হয়েছে এক বৈচিত্র্যময় পরিবেশ বিশ্ববিদ্যালয়ের মল চত্বর, কলাভবন, শ্যাডো, চারুকলা, ব্যবসায় শিক্ষা অনুষদে।

প্রকৃতি যেন তার রং-তুলির আঁচড় লাগিয়ে সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। প্রকৃতির এ সৌন্দর্যের স্বাদ নিতে ছুটে আসছেন প্রাক্তন শিক্ষার্থীরাও। লাল রঙের মন মাতানো কৃষ্ণচূড়া কিংবা হলুদ রঙের সেই সোনালু, বেগুনি রঙের জারুল দেখে কেউবা মত্ত হয়ে বাঁধছেন গান-কবিতা। 

বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনেক পুরাতন গাছ কেটে ফেলা হয়েছে, গাছগুলোর বয়স বেশি হয়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ বলে। প্রকৃতির সৌন্দর্য ধরে রাখার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের আরো বেশি বনায়ন কর্মসূচি হাতে নেওয়া দরকার। ঈদের ছুটি শেষে যান্ত্রিক শহরে যখন বাড়ির জন্য সবার মন খারাপ হয়, তখন ক্যাম্পাসের অপরূপ সৌন্দর্য মন ভালো করে দেয় নিমিষেই—যেন তাঁরা ফিরে গেছেন আবার সেই গ্রামবাংলার প্রকৃতির কাছাকাছি; যেখানে রয়েছে জারুল, কৃষ্ণচূড়া, সোনালু ফুলের সমাহার। 

ইত্তেফাক/ ইআ