হাতিরঝিলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

আপডেট : ৩০ মে ২০২২, ১৩:০৪

রাজধানীর হাতিরঝিল এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (৩০ মে) সকাল ১০টার দিকে মধুবাগ সংলগ্ন হাতিরঝিল ওভার ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। এর মধ্যে শাহিন (২০) নামে এক যুবকের নাম জানা গেলেও অন্যজনের পরিচয় এখনো জানা যায়নি।  বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মেজবা উদ্দিন। 

মেজবা উদ্দিন বলন, মগবাজার মধুবাগ সংলগ্ন হাতিরঝিল ওভার ব্রিজ থেকে দ্রুত গতিতে আসা মোটরসাইকেলটি নামার সময় ব্রিজের ঢালে আইল্যান্ডের সঙ্গে বাড়ি খেয়ে উল্টে যায়। এতে করে মোটরসাইকেল থাকা দুই যুবক ছিটকে রাস্তা পড়ে যায়। ফলে ঘটনাস্থলেই শাহিন মারা যায় ও অজ্ঞাতপরিচয়ে যুবক মারাত্মক আহত হয়। পরে আহত যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, শাহিনকে মৃত অবস্থায় আনা হয়েছিল। অন্য যুবকে গুরুতর আহত অবস্থায় আনা হয়। দুর্ঘটনায় তার মাথা থেতলে গিয়েছে। কিছুক্ষণ আগে অজ্ঞাতপরিচয়ের যুবকও মারা গেছে। শাহিনের ও অজ্ঞাত ওই যুবকের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

ইত্তেফাক/ ইআ