বিএনপি ক্ষমতায় গেলে সবদলের অংশগ্রহণে সরকার গঠন করবে: দুলু

আপডেট : ৩০ মে ২০২২, ১৪:৫৬

বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে সবদলের অংশগ্রহণে জাতীয় সরকার গঠন করবে। বিএনপি দেশের সকল রাজনীতি দলের জ্ঞানী-গুণি ও ত্যাগীদের নিয়ে সরকার গঠন করা হবে আগামী দিনে।

সোমবার (৩০ মে) সকাল সাড়ে ১০টার দিকে শহরের আলাইপুরে বিএনপির অবস্থায়ী কার্যালয়ে জেলা বিএনপির আয়োজনে শহীদ জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দুলু বলেন, সরকারের অবৈধ এমপি-মন্ত্রীরা কোটি কোটি টাকা বিদেশে পাচারের কারণে আজ ডলার দাম বৃদ্ধি পেয়েছে। ফলে বাংলাদেশে চাল, তেলসহ নিত্যপণ্য দ্রব্যের দাম আজ সাধারণ মানুষের ক্ষয় ক্ষমতার বাহিরে চলে গেছে। মানুষ আজ অভাবে অসহায় হয়ে পড়েছেন। মানুষ না খেয়ে মারা যাচ্ছে। ৫০ বছর আগে শহীদ জিয়াউর রহমান চিন্তা করে খাল-বিল খনন করেছিলেন। যাতে এ অঞ্চলে পানি ধরে রেখে কৃষকরা ফসল উৎপাদন পারে। জিয়াউর রহমান নারীদের ঘর থেকে বের করে পুলিশ বিভাগসহ বিভিন্ন দপ্তরে চাকরি দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। আজ নারীরা আত্মনির্ভরশীল হয়েছে। শহীদ জিয়াউর রহমানকে হত্যা করলে বিএনপি রাজনীতি নেতৃত্ব ধ্বংস হয়ে যাবে বলে তারা মনে করেছিল কিন্তুজীবিত জিয়াউর রহমানের চেয়ে মৃত জিয়াউর রহমান আরও বেশি শক্তিশালী।

এসময় জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব রহিম নেওয়াজের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু, সাবেক পৌর মেয়র কাজী শাহ আলম, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা আবুল ব্যাপারিসহ থানা, জেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী।

ইত্তেফাক/এমএএম