যশোর শহরের কাজীপাড়া নিরিবিলি এলাকা থেকে ড্রামভর্তি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০ মে) দুপুরে কোতোয়ালি থানা পুলিশ এ কঙ্কাল উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, ঐ এলাকার বজলুর রহমান আড়াই বছর আগে একটি জমি কেনেন। ঐ জমিতে বাড়ি নির্মাণের কাজ চলছিল। সোমবার পাইলিং করতে গিয়ে মাটির নিচে একটি ড্রামের সন্ধান পায় শ্রমিকেরা। তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ড্রামখুলে মানুষের কঙ্কাল উদ্ধার করে।
ঐ জমিতে কাজ করতে আসা শ্রমিক নুরনবী ও ছাত্তার জানান, তারা পাইলিং এর সময় ড্রামটি দেখতে পান। ড্রামের ভেতরে ও আশপাশে চুন দেওয়া ছিল। দুর্গন্ধ পেয়ে তাদের সন্দেহ হয়। তারা প্রথমে জমির মালিক বজলুকে জানান।
এ বিষয়ে জমির মালিক বেনাপোল এলাকার বজলুর রহমান জানান, আড়াই বছর আগে শোয়া চার শতক জমিটি তিনি পুরাতন কসবার মোতালেব ওরফে বাবুর কাছ থেকে কিনেছেন। কিছুদিন ধরে তিনি কাজ শুরু করেন। সোমবার শ্রমিকদের মাধ্যমে তিনি খবরটি জানতে পারেন।
ঘটনা জানতে পেরে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, ওসি (তদন্ত) মনিরুজ্জামান, পুরাতন কসবা ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর রেজাউল করীমসহ পুলিশের একাধিক টিম, পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেন।
কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানান, কঙ্কাল উদ্ধার করে ফরেনসিক রিপোর্টের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, বেশ কয়েকবছর আগে নিহতের মরদেহ ড্রামভর্তি করে জমিতে পুতে রাখা হয়েছিল।
