‘চেরাগের’ আলোতে লেখাপড়া করছেন আপন ২ বোন 

আপডেট : ৩০ মে ২০২২, ২০:৪৭

নিহা আকতার ও মেহেরুন নিছা। আপন দুই বোন। নিহা ৯ম শ্রেণি এবং মেহেরুন নিছা ৭ম শ্রেণিতে পড়েন আলীপুর রহমানিয়া স্কুল অ্যান্ড কলেজে। চট্টগ্রামের হাটহাজারী উপজেলা হাটহাজারী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তারা। শতভাগ বিদ্যুতের দেশেও কেরোসিনের ল্যাম্প জ্বালিয়ে লেখাপড়া করে যাচ্ছেন।

সরেজমিনে গিয়ে জানা যায়, তাদের বাবা বাচা মিয়া একজন বুদ্ধিপ্রতিবন্ধী মানুষ, মাঝে মাঝে পাহাড় থেকে শাক, লতা-পাতা ইত্যাদি তুলে এনে ২০/৩০ টাকা বিক্রি করেন, আবার চায়ের দোকানে পানি সরবরাহ করে অল্প কিছু টাকা আয় করেন। মা অন্যের বাসা-বাড়িতে কাজ করে কোনোমতে ৫ জনের সংসার চালান। 

এদিকে, পাশের বাড়ি থেকে ১০০ টাকার বিনিময়ে খাবার পানি জোগাড় করতে হয়। ঘরের চাল ভালো না থাকায় ঘরের মধ্যে থেকেও বৃষ্টির পানিতে ভিজতে হয়। মাটির দেয়ালে ভাঙন ধরেছে, দরজার উপরের অংশের মাটি একবার পড়েও গিয়েছে, দুর্ঘটনারও ভয় আছে বলে এসব কথা জানান তাদের মা জাহানারা বেগম। 

১ নম্বর ওয়ার্ডের মেম্বার নুর হোসেন বলেন, ‘তাদের ব্যাপারটা জানা ছিল না। সরকারের পক্ষ থেকে আবার যদি কোনো ঘর বরাদ্দ দেওয়া হয়, তবে তাদের নাম তালিকায় প্রথমে রাখা হবে।’ 

এ ব্যাপারে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম বলেন, ‘ভুক্তভোগীদের কী কী অসুবিধা আছে, একটা আবেদন নিয়ে সশরীরে উপস্থিত হয়ে সমস্যাগুলো জানালে সরকারি যেসমস্ত সাহায্যের খাত আছে, সেখান থেকে যথাসম্ভব সহযোগিতা দেওয়া যাবে। তা-ছাড়া ঘরের চাল বা টিনের ছাউনি নষ্ট হলে টিনের ব্যবস্থা করা হবে।’

ইত্তেফাক/এএইচ