রংপুরে অর্ধকোটি টাকার বই বিতরণ

আপডেট : ৩০ মে ২০২২, ২১:৩২

রংপুরে ৪২ শিক্ষাপ্রতিষ্ঠানে অর্ধকোটি টাকা মূল্যের ৫ হাজার বই বিনামূল্যে বিতরণ করেছে উন্নয়ন সংস্থা দি এশিয়া ফাউন্ডেশন বাংলাদেশ। 

পূবালী ব্যাংক লিমিটেডের সহায়তায় সোমবার (৩০ মে) বিকালে নগরীর হোটেল গ্র্যান্ড প্যালেস অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এই বই বিতরণ করা হয়।

দি এশিয়া ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলিম মাহমুদ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেম্বার সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, দি এশিয়া ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর নজরুল ইসলামসহ বিভাগের লালমনিরহাট, কুড়িগ্রামের বিভিন্ন উপজেলা ও সিটি করপোরেশন এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা প্রতিনিধিরা। অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন জেলার ৪২টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৩ লাখ টাকার বই বিতরণ করা হয়। 

ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শুক্লা দে বলেন, ‘১৯৫৪ সাল থেকে দি এশিয়া ফাউন্ডেশন বই ও শিক্ষামূলক উপকরণ বিতরণ করছে। এর মাধ্যমে দেশে শিক্ষার বিস্তার ও স্বাক্ষরতা বিষয়ে সচেতনতা গড়ে তোলার বিশ্বব্যাপী আন্দোলনে একাত্মতা প্রকাশ করে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এই ধারা অব্যাহত রাখতে রংপুর বিভাগে বই বিতরণের উদ্যোগ নেওয়া হয়।’

ইত্তেফাক/এএইচ