দিনাজপুর শহরের রামনগর এলাকা থেকে মুক্তার মণ্ডল (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানায়, মুক্তার মণ্ডল স্ত্রীকে বঁটি দিয়ে কোপানোর পর নিজেই ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
পুলিশ বলছে, ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। মুক্তার নওগাঁও জেলার পত্নীতলা উপজেলার নওকুচা গ্রামের সিরাজউদ্দীনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দেড় মাস আগে দিনাজপুর শহরের রামনগর এলাকায় জনৈক মোখলেছুর রহমানের বাসায় ভাড়াটে হিসাবে ওঠেন মুক্তার ও তার স্ত্রী মোতাহারী বেগম (৩৫)। রামনগরে একটি দোকান চালাতেন মোক্তার।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে বঁটি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন মুক্তার মণ্ডল। স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। স্ত্রী মারা গেছেন ভেবে ভয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মোক্তার।
