গোখাদ্যের মূল্য বৃদ্ধিতে বিপাকে পড়েছেন চাটমোহরসহ চলনবিল অঞ্চলের কৃষক ও খামারিরা। এদিকে বোরো ধান অকাল বন্যায় তলিয়ে গেছে। অনেকে খড় ছাড়াই ধান কেটে তুলছেন। তাছাড়া কয়েক দিনের বৃষ্টিতে খড় শুকানো যায়নি। ফলে গোখাদ্যের দাম যে কোন সময়ের চেয়ে বেড়েছে।
উপজেলার ছাইকোলার খামারি আ. রাজ্জাক জানালেন, তিনি কয়েক দিন আগে ৫ হাজার টাকার বোরো ধানের কাঁচা খড় কিনেছেন। শুকাতে না পারায় পচে গেছে কিছু। আরেক খামারি আরিফুল ইসলাম বললেন, এক সপ্তাহ আগে ভুসি ও ক্যাটল ফিডের দাম কম ছিল। এখন প্রায় দ্বিগুণ হয়েছে। প্রতিদিনই ভুসিসহ অন্য গোখাদ্যের দাম বাড়ছে। গোখাদ্যের চড়া দামে দুশ্চিন্তায় পড়েছেন এ অঞ্চলের খামারি ও কৃষকেরা।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরে আলম সিদ্দিকী জানান, নানা কারণে গোখাদ্যের দাম বাড়ছে। আমরা ও কৃষকদের ঘাস চাষ করার পরামর্শ দিচ্ছি।
