তৃতীয় শ্রেণির ছা‌ত্রের বস্তাভ‌র্তি মৃতদেহ ডোবা থেকে উদ্ধার 

আপডেট : ৩১ মে ২০২২, ১১:৪৪

বরিশালের উজিরপুরে নিখোঁজের চার দিন পর তৃতীয় শ্রেণির ছাত্র দীপ্ত মন্ডলের বস্তাবন্দি মৃতদেহ ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই এলাকার ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মে) সকাল সা‌ড়ে ৭টায় লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আলী আর্শাদ। 

ও‌সি বলেন, ‘দীপ্ত মন্ডল (৮) উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের কাজীবাড়ির দীপক মন্ডলের ছেলে। গ্রেপ্তারকৃতরা হলেন একই এলাকার রতন বিশ্বাস, তার স্ত্রী ইভা ও নয়ন শীল।’

পু‌লিশ সূত্র জানায়, ২৭ মে রাত ১১টায় বাড়ি থেকে নিখোঁজ হয় দীপ্ত। এ ঘটনায় তার বাবা দীপক মন্ডল ২৮ মে রাতে উজিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ঘটনার চার দিন পর প্রতিবেশি রতন বিশ্বাস ও নয়ন শীলের উপর সন্দেহ করেন স্থানীয়রা। পরে সোমবার রাত সাড়ে ৩টায় স্থানীয়রা রতন ও নয়নকে ধরে জিজ্ঞাসাবাদ করলে তারা দীপ্তকে হত্যার কথা স্বীকার করেন। এসময় পুলিশকে খবর দিলে পুলিশ এসে ভোর সাড়ে ৫টায় পার্শ্ববর্তী একটি ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় দীপ্তর লাশ উদ্ধার করে।

উজিরপুর থানার ও‌সি জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। গ্রেফতারকৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হবে।

ইত্তেফাক/এএইচ