সীমান্তে খাসিয়াদের ছোঁড়া গুলিতে ৫ বাংলাদেশি আহত

আপডেট : ৩১ মে ২০২২, ১৬:২১

ভারতের দোয়ারাবাজার সীমান্তে খাসিয়ার গুলিতে ৫ বাংলাদেশি যুবক আহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৩০ মে) সন্ধ্যায় দোয়ারাবাজার উপজেলার জুমগাঁও (মোকামছড়া) সীমান্তে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া গ্রামের ওয়াজিদ মিয়ার পুত্র মাসুক আলী (৩৫) ও ইমান আলী (৩২),আজাদ মিয়ার পুত্র নয়ন মিয়া (৩১), ঝুমগাও গ্রামের আব্দুল আজিজের পুত্র সুমন মিয়া(২৫), ঝুমগাও (ইসলামপুর)গ্রামের ডাঃ আব্দুল আওয়ালের পুত্র মুকুট মিয়াকে (২১) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৩০ মে) সন্ধ্যায় দোয়ারাবাজার উপজেলার জুমগাঁও (মোকামছড়া) সীমান্ত দিয়ে চোরাই পথে ভারতীয় সুপারি আনতে এলাকার ৭ যুবক ভারতে অনুপ্রবেশ করে। ভারতীয় সুপারি নিয়ে আসার পথে খাসিয়াদের সুপারি বাগান থেকে সুপারি গাছের চারা চুরি করে নিয়ে আসার চেষ্টা করে। এ সময় খাসিয়ারা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। খাসিয়াদের ছোঁড়া গুলিতে ইমান আলী, মাসুক আলী, মুকুট, সুমন মিয়া ও নয়ন মিয়া আহত হয়। স্থানীয় কিছু লোক ও তাদের সহযোগীরা আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 

স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদির জানান, আহত মাসুক আলী তাকে জানিয়েছে সুপারি আনতে তারা সীমান্তে গিয়েছিলো। বিএসএফ তাদের ধাওয়া করেছে। এ সময় ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টাকালে মাসুক আলী পড়ে গিয়ে আহত হন। 

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেব দুলাল ধর জানান, চোরাকারবারীরা সুপারি আনতে ভারতে অনুপ্রবেশ করে খাসিয়ার গুলিতে আহত হয়েছে। খাসিয়ার সুপারি বাগান থেকে সুপারি গাছের চারা ও তারা চুরি করে নিয়ে আসছিলো বলে তিনি খবর পেয়েছেন। 

সুনামগঞ্জ ২৮ বিজিবির পরিচালক মাহবুবুর রহমান জানান, ২ জন আহত হওয়ার খবর জানতে পেরেছি। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইত্তেফাক/এমএএম