সিরাজগঞ্জে শুভ (৬) নামে এক শিশুকে হত্যা মামলায় মদন চন্দ্র ভৌমিক নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
মঙ্গলবার (৩১ মে) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এর বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ এই রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত মদন চন্দ্র ভোমিক জেলার সলঙ্গা থানার চৌধুরী ঘুঘাট গ্রামের কুঠিশ্বর ভৌমিকের ছেলে। মদন চন্দ্র ভৌমিক পলাতক রয়েছেন। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাড. জেবা রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ১১ অক্টোবর বিকেলে সলঙ্গা থানার চৌধুরী ঘুঘাট গ্রামের শ্রী সুকুমার চন্দ্রের ছেলে শুভকে গাছ থেকে গাব পেড়ে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যায় মদন চন্দ্র ভৌমিক। পরে সন্ধ্যায় শুভকে শ্বাসরোধ করে হত্যা করে একই গ্রামের ভবানী চন্দ্রের বাঁশঝাড়ে লাশ ফেলে রাখা হয়।
এ ঘটনায় শিশু শুভর বাবা সুকুমার চন্দ্র বাদী হয়ে মদন চন্দ্র ভৌমিক, তার বাবা কুঠিশ্বর ভৌমিক ও মা সুমতি রানীকে আসামি করে সলঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আসামি মদন চন্দ্র ভৌমিক পলাতক রয়েছেন। মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে মদন চন্দ্র ভৌমিককে যাবজ্জীবন কারাদণ্ড ও অভিযোগ প্রমাণিত না হওয়ায় মদন চন্দ্র ভৌমিকের বাবা-মাকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

সীমান্তে খাসিয়াদের ছোঁড়া গুলিতে ৫ বাংলাদেশি আহত
‘স্বাধীন সাংবাদিকতায় বাধা হয় এমন কোনো আইন হবে না’