প্রথমবার জমজ চরিত্রে তানজিন তিশা

আপডেট : ৩১ মে ২০২২, ১৬:৪৫

বিভিন্ন চরিত্র ও ভূমিকায় হাজির হয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। কিন্তু কখনও জমজ হিসেবে পর্দায় ধরা দেননি। এবার সেটাই হতে যাচ্ছে। সম্প্রতি কাজ করেছেন জমজ চরিত্রে।

রুবেল হাসান পরিচালিত ‘চিংকি পিংকি’ নাটকটিতে প্রথমবারের মতো জমজ চরিত্রে অভিনয় করছেন তিশা। নারীপ্রধান গল্পে তাকে দেখা যাবে একইসাথে চিংকি ও পিংকি হিসেবে।

তানজিন তিশা। ছবি: ইনস্টাগ্রাম

তিশা গণমাধ্যমকে বলেন, ‘আমি এর আগে কখনও দ্বৈত বা জমজ চরিত্রে অভিনয় করিনি। এবারই প্রথম। তাই একইসাথে দুই বোনের কাজ করাটা আমার জন্য নতুন ও ভিন্ন এক অভিজ্ঞতা।’

নির্মাতা রুবেল হাসান জানান, নাটকের গল্পটা নারীপ্রধান এবং রম্য ধরনের। এখানে দুই জমজ বোনের চরিত্র করছে তিশা। তাকে ঘিরেই পুরো নাটকের গল্প। অনেক কমেডি আছে, মজা আছে। আশা করি, দর্শকদের ভালো লাগবে।

তানজিন তিশা। ছবি: ইনস্টাগ্রাম

সিএমভি প্রযোজিত এ নাটকটি আসছে কোরবানি ঈদে প্রচারিত হবে বলে জানা যায়। তানজিন তিশা ছাড়াও এখানে আরও অভিনয় করছেন শহীদুল আলম সাচ্চু, মনিরা মিঠু প্রমুখ। এছাড়াও দুটি বিশেষ অতিথির চরিত্রে দেখা যাবে তামিম মৃধা ও জাহের আলভিকে।

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন