দিনাজপুরের ফুলবাড়ীতে সপ্তাহের ব্যবধানে অন্যান্য নিত্যপণ্যের সঙ্গে পাল্লা দিয়ে চাল-আটা ও ডিমের দাম বেড়েছে। প্রকারভেদে প্রতি কেজি চালে ৩-৫ টাকা, আটা ৮-১০ টাকা এবং ডিমের হালিতে ১০-১২ টাকা বৃদ্ধি পেয়েছে। এতে বিপাকে পড়েছেন উপজেলার নিম্নআয়ের মানুষ।
ফুলবাড়ী বাজারের খুচরা চাল বিক্রেতা শ্রীকান্ত রায় ও আকবর আলী বলেন, ধানের দাম বেশি হওয়ার কারণ দেখিয়ে মিলমালিক ও পাইকার ব্যবসায়ীরা চালের দাম বাড়িয়ে দিয়েছেন। এজন্য খুচরা বাজারেও চালের দাম বেড়েছে।
ধানব্যবসায়ী লিটন প্রসাদ বলেন, এক সপ্তাহের ব্যবধানে মণপ্রতি ধানে ২০০ টাকা পর্যন্ত বেড়েছে।
পাইকারি ডিমের ব্যবসায়ী দুলাল হোসেন ও সুমন সাহা বলেন, খামারিরা ডিমের দাম বাড়িয়ে দেওয়ায় পাইকারি ও খুচরা বাজারে দাম বেড়েছে।
স্থানীয় পোল্টি খামারি শাহীনুর ইসলাম বলেন, বাজারে পোল্টি ফিডের দাম বেড়ে যাওয়ায় খামার টিকে রাখা দায় হয়ে পড়েছে। অনেকেই খামার উঠিয়ে দিতে বাধ্য হচ্ছেন।
উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. মো. রবিউল ইসলাম বলেন, খামারিদের টিকিয়ে রাখতে সরকার নানামুখী প্রকল্প নিচ্ছে।
উপজেলা চাল কলের মালিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবু বলেন, বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় চালের দাম বেড়েছে।
