মাদারীপুর জেলা স্বাস্থ্য বিভাগে সহকারী সার্জনের ১৮টি পদ শূন্য রয়েছে। পদগুলো দীর্ঘদিন যাবত শূন্য থাকায় জেলার ৪টি উপজেলার এলাকাবাসী বিশেষ করে রোগীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এদিকে শূন্যপদে লোক নিয়োগের তেমন উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না। মাদারীপুরের সিভিল সার্জন ডা. মুনীর আহমদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার চারটি উপজেলায় বর্তমানে সহকারী সার্জনের ১৮টি পদ শূন্য রয়েছে। মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা, ধুরাইল, পেয়ারপুর, দুধখালী ও ছিলারচর ইউনিয়নে বর্তমানে সহকারী সার্জনের ৫টি পদ শূন্য রয়েছে। শিবচর উপজেলার উমেদপুর, ভান্ডারীকান্দি, বাঁশকান্দি, শিরুয়াইল ইউনিয়নে ৪টি এবং উপজেলা পর্যায়ে একটি পদসহ সহকারী সার্জনের পদসহ ৫টি পদ শূন্য রয়েছে।
রাজৈর উপজেলার বদরপাশা ও কদমবাড়ী ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ের সহকারী সার্জনের (ইকুইভ্যালেন্ট) পদসহ ৩টি পদ শূন্য রয়েছে।
এছাড়া কালকিনি উপজেলার সিডিখান, বাঁশগাড়ী, কয়ারিয়া, কাজীবাজাই ও এনায়েতনগর ইউনিয়নে একটি করে ৫টি সহকারী সার্জনের পদ শূন্য রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, তাদের নিজ নিজ এলাকায় (ইউনিয়নে) সহকারী সার্জনের পদগুলো দীর্ঘদিন যাবত শূন্য রয়েছে। ফলে তাদের এলাকাবাসীর বিশেষ করে রোগীরা সুচিকিৎসা থেকে বহুলাংশে বঞ্চিত হচ্ছেন। তাদের দাবী জরুরি ভিত্তিতে এলাকার ইউনিয়নগুলোর শূন্যপদে চিদিৎসক (সহকারী সার্জন) নিয়োগ করা হোক।
মাদারীপুরের সিভিল সার্জন ডা. মুনীর আহমদ খান বলেন,‘সহকারী সার্জনের ১৮টি পদ শূন্য রয়েছে বলে নিশ্চিত করেছেন। শূন্যপদের তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়েছে।’
