গাজীপুরের কালীগঞ্জে কৃষকের জমি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে।
পেশায় কৃষক জামাল উদ্দিনের (৬২) জমি ভাড়া নিয়ে তা জোরপূর্বক দখল নিয়েছেন ফারুক মিয়া (৫৫) নামের এই ব্যবসায়ী। এ ব্যাপারে ভুক্তভোগী ওই জমির মালিক স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত অভিযোগও করেছেন।
অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি ও ইউএনও মো. আসসাদিকজামান।
জামাল উদ্দিন উপজেলার কালীগঞ্জ পৌর এলাকার বালীগাঁও গ্রামের হাবিল শেখের ছেলে। পেশায় তিনি একজন সাধারণ কৃষক। অন্যদিকে, অভিযুক্ত ব্যবসায়ী ফারুক মিয়া একই উপজেলার পৌর এলাকার মূলগাঁও গ্রামের সাহেব আলীর ছেলে। তিনি স্থানীয়ভাবে ইটভাটার ব্যবসা করেন।
ভুক্তভোগী জামাল উদ্দিন অভিযোগ করেন, ১৯৯৩ সাল থেকে ধারাবাহিকভাবে কালীগঞ্জ পৌর এলাকার বালীগাঁও মৌজায় ১ হাজার ৩৮১ শতাংশ জমি ইটভাটার ব্যবসার জন্য ভাড়া নেন ব্যবসায়ী ফারুক মিয়া। এ পর্যন্ত তিনি নিয়মিত ভাড়া পরিশোধও করে আসছিলেন। সম্প্রতি ওই জমি নিজেদের প্রয়োজনে ফেরত চাইলে ফারুক মিয়া তা ফেরত দিতে গড়িমসি শুরু করেন।
অভিযুক্ত ব্যবসায়ী ফারুক মিয়া জানান, ‘ওখানে তার (জামাল উদ্দিন) কোনো জমিই নেই।’
এ পরিস্থিতিতে জামাল উদ্দিন, নিজের জমির ফেরত পাওয়ার জন্য স্থানীয় সংসদ সদস্য ও ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেন।
কালীগঞ্জের ইউএনও মো. আসসাদিকজামান জানান, ‘এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ ছাড়া স্থানীয় সংসদ সদস্য মহোদয় স্বাক্ষরিত লিখিত একটি অভিযোগের কপিতে বিষয়টি আমাকে দেখার অনুরোধ করেছেন।’
স্থানীয় সংসদ সদস্য মেহের আফরোজ চুমকির সঙ্গে এ বিষয়ে জানতে চাইলে তিনি সত্যতা স্বীকার করে বলেন, ‘এ বিষয়ে আমার কাছে একটি লিখিত অভিযোগ এসেছিলো’।
ব্যবসায়ী ফারুক মিয়ার বিরুদ্ধে এমন অভিযোগের প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ করার বিষয়টি পুরোটাই ভুয়া, শত ভাগ ভুয়া। সে যদি প্রমাণে এক শতাংশ জায়গা পায়, তাহলে আমি এর পরিবর্তে পাঁচ শতাংশ জায়গা দিবো। বর্তমান যে এসি ল্যান্ড আছে উনিও এটি সমাধান করছেন।

জমি দখল করতে শিক্ষক ও পরিবারের নামে ২৬ মামলা
গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ