তুচ্ছ ঘটনায় গরম তেল ছুড়ে আইমান রাহাত (১০) নামে এক শিশুর হাত ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে দড়াটানা মোড়ের ভৈরব হোটেলে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
আহত রাহাত অভয়নগরের চেঙ্গুটিয়া বাজার এলাকার জামাল মোল্লার ছেলে। এ ঘটনায় অভিযুক্ত হোটেলটির বাবুর্চি ইব্রাহিম বিশ্বাসকে আটক করেছে পুলিশ। ইব্রাহিম বিশ্বাস কেশবপুরের মঙ্গলঘর গ্রামের বাসিন্দা।
দগ্ধ রাহাতের খালু নাজমুল হাসান জানান, শিশুর মা ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা নিতে আসেন। রাতে খাবার খেতে তারা ভৈরব হোটেলে যান। খাওয়া শেষে হোটেল থেকে বের হওয়ার সময় হোটেলের বাবুর্চি ইব্রাহিমের সঙ্গে শিশুটির অসাবধানতাবশত ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে শিশু রাহাতের শরীরে গরম তেল ছুড়ে দেয় ইব্রাহিম। এতে শিশুটির বাম হাত ঝলসে যায়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ জানান, রাতে রাহাত নামে এক শিশুকে নিয়ে আসা হয়। তাকে জরুরি চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাম হাত ঝলসে গেছে।
যশোর পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির পরিদর্শক রেজাউল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত বাবুর্চি ইব্রাহিম বিশ্বাসকে আটক করা হয়েছে।

ঘুষ লেনদেনের ফোনালাপ ফাঁস, সুন্দরগঞ্জের সেই ওসিকে বরিশালে বদলি