বড় স্বপ্ন নিয়ে ফ্রেঞ্চ ওপেনে এসেছিলেন চীনের ঝেং কিনওয়েন। কিন্তু স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়াল প্রকৃতি। খেলতে ছিলেন স্বাভাবিক ছন্দে। কিন্তু মাসিককালীন ব্যথার কারণে ইগা শিওনতেকের কাছে ৬-৭(৫), ৬-০, ৬-২ গেমে হেরে আসরের চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিতে হলো ১৯ বছর বয়সী এই নারীকে। স্বপ্ন ভঙ্গের পর আক্ষেপে পুরুষ হওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি।
খেলার সময়ে বেশ কয়েকবার পেটের ব্যথায় অস্বস্তিতে ভোগা কিনওয়েন বলেন, ‘এটা শুধু মেয়েদের জিনিস। প্রথম দিনটি সবসময়ই খুব কঠিন এবং তারপরও আমাকে খেলতে হয়। আমি আমার প্রকৃতির বিরুদ্ধে যেতে পারিনি। আমি যদি কোর্টে একজন ছেলে হতে পারতাম। কিন্তু আমি এই মুহূর্তে পারব না। আমি সত্যিই চাই যে একজন ছেলে হতে যাতে করে আমাকে এই ভোগান্তিতে পড়তে না হয়।’
এদিকে, নারী এককে সেমিফাইনালে লেইলাহ ফার্নান্দেজকে ৬-২, ৭-৬ (৭-৩), ৬-৩ গেমে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন ইতালির মার্টিনা ট্রেভিসান। পুরুষ এককে চতুর্থ রাউন্ডে ঘটেছে অঘটন। মারিন সিলিসের কাছে ৬-২, ৬-৩, ৬-২ গেমের সরাসরি সেটে হেরে বিদায় নিয়েছেন দ্বিতীয় বাছাই দানিয়েল মেদভেদেভ।
