কেকে’র মৃত্যু: কুমার শানুর একটাই প্রশ্ন!

আপডেট : ০১ জুন ২০২২, ১৪:১৭

মাত্র ৫৩ বছর বয়সে হঠাৎ না ফেরার দেশে চলে গেলেন ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নথ (কেকে)। কলকাতার কলেজে অনুষ্ঠান করতে এসে আর ফেরা হল না বলিউডের জনপ্রিয় গায়ক কেকে’র। অসুস্থ হয়ে এ শহরেই মারা যান এই শিল্পী। তার এমন মৃত্যুতে শোকাহত ভারতসহ পুরো উপমহাদেশ। কেকে নেই, সেটাই যেন বিশ্বাস করতে পারছেন না কুমার শানু।

মুম্বাইতে বসে সে খবর পেয়েছেন অগ্রজ গায়ক শানু। আর তার পর থেকেই অবিশ্বাস্য ঠেকছে খবরটা। কুমার শানুর একটাই প্রশ্ন, ‘ওর এতো ভাল স্বাস্থ্য, শরীরচর্চা করতো, এতো সচেতন... ওর কী করে এমন হল?’

কৃষ্ণকুমার কুন্নথ (কেকে)

অনুজের মৃত্যুতে গোটা দেশের মতোই শোকাচ্ছন্ন শানুও। তার কথায়, কী ভয়ানক খবর! এখনকার সবচেয়ে গুণী, সবচেয়ে সক্ষম গায়কদের এক জন ছিল কেকে। যে কোনও ধরনের গানে সমান পারদর্শী, সমান সাবলীল, এত বৈচিত্র ছিল ওর গলায়। বলিউডের, গানের জগতের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।

ব্যক্তি কেকে-ও মুগ্ধ করেছিলেন শানুকে। তিনি বলেন, ‘কেকে মানুষটাই এত অমায়িক, এত ভাল এক জন মানুষ ছিল। বড়দের সম্মান দিতে জানত, সবার সঙ্গে মিষ্টি ব্যবহার করত। এ ভাবে চলে যাওয়া যেন কিছুতেই মানতে পারছি না। কথা হারিয়ে যাচ্ছে।

কৃষ্ণকুমার কুন্নথ (কেকে)

এদিকে গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে-র মৃত্যু অস্বাভাবিকতার সন্দেহে খতিয়ে দেখতে চলেছে কলকাতার নিউ মার্কেট থানার পুলিশ। বুধবার (১ জুন) সকালে এই গায়কের প্রয়াণের ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে নিউ মার্কেট থানায়।

কে কে কলকাতায় গিয়ে নিউ মার্কেট সংলগ্ন এলাকার যে পাঁচতারা হোটেলে ছিলেন, সেই হোটেলের ম্যানেজারকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সূত্রের খবর। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

ইত্তেফাক/বিএএফ