গঙ্গাচড়ায় ট্রাকের ধাক্কায় বিথী মনি (২৫) নামে মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী ও চার মাসের সন্তান।
বুধবার (১ জুন) সকাল ১১ টার দিকে উপজেলার আলমবিদিতর ইউনিয়নের জেনেপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। ট্রাকটি আটক করেছে জনতা।
গঙ্গাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ১১ টার দিকে উপজেলার আলমবিদিতর ইউনিয়নের পাইকান হাজীপাড়া এলাকার মাহমুদ শাহ রফিক স্ত্রী বিথী মনি ও সন্তানসহ মোটরসাইকেল যোগে বাড়ি থেকে গঙ্গাচড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে জেনেপাড় নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কায় বিথী মনি ঘটনাস্থলে মারা যায়। স্বামী মাহমুদ ও চার মাসের সন্তান রাইয়ান আপসান মনজিল গুরুতর আহত হয়। পরে তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় জনতা ট্রাকটিকে আটক করে।
