দিনাজপুরের নবাবগঞ্জের কুশদহ ইউনিয়নের বিন্নাগাড়ী গ্রামের কালভার্টটি দীর্ঘদিন যাবত ভেঙে পড়ে আছে। এই ভাঙা কালভার্ট দিয়ে এলাকাবাসীকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। তবে সম্প্রতি তা-ও সম্ভব হচ্ছে না।
স্থানীয় গোলাম মোস্তফা বলেন, চার গ্রামের মানুষ এই ভাঙা কালভার্টের ওপর দিয়ে চলাচল করেন। কিন্তু কালভার্টটি ক্রমান্বয়ে ভাঙতে ভাঙতে এমন অবস্থা হয়েছে যে, এখন রিকশাভ্যান তো দূরের কথা পায়ে হেঁটে চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দিনের বেলায় তো কালভার্টের ভাঙা অংশ দেখা যায়, কিন্তু রাতে এটি ভয়ংকর বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। এ কারণে গ্রামবাসী কলাগাছ ভাঙা কালভার্টের ভেতর দাঁড় করিয়ে রেখে বিপদসংকেত দেওয়ার চেষ্টা করেছে।
কুশদহ ইউপি চেয়ারম্যান আনোয়ারুল আজিম বলেন, বিন্নাগাড়ী গ্রামের কালভার্টটি ভেঙে পড়ার বিষয়টি জেনেছি। কিছুদিন হলো মাত্র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছি। অবশ্যই দ্রুত সময়ের মধ্যে গ্রামবাসীর দুর্ভোগ লাঘবের জন্য একটি নতুন কালভার্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
স্হানীয় সরকার প্রকৌশল বিভাগের উপজেলা কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী তাহাজুল ইসলাম বলেন, বিন্নাগাড়ী গ্রামের ভাঙা কালভার্টটি পুনরায় নির্মাণের জন্য প্রস্তাব দেওয়া আছে। প্রস্তাব অনুমোদন হলে নির্মাণকাজ শুরু করা হবে। জুনের মধ্যে অনুমোদন পাওয়া যেতে পারে।
