ভিড়ে ঠাসা নজরুল মঞ্চ। নানা রকমের আলোর ঝলকানি। মঞ্চে গাইছেন বলিউডের গায়ক কেকে। বার বার রুমালে মুখ-কপালের ঘাম মুছছেন শিল্পী। এছাড়া একাধিক বার ছোট বোতল থেকে গলায় ঢালছেন পানি।
মঙ্গলবার (৩১ মে) নজরুল মঞ্চের সংগীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথের (কেকে) লাইভ অনুষ্ঠানের ভিডিওতে ধরা পড়েছে এমন দৃশ্য। অনুষ্ঠানে হাজির থাকাদের অনেকেই বলছেন, মঞ্চে খুব ঘামছিলেন শিল্পী। তবে কী অনুষ্ঠানের সময়েই অসুস্থ বোধ করছিলেন? তেমন করে গুরুত্ব দেননি? কেকের মৃত্যুর পর উঠছে এমন সব প্রশ্ন।
একই অনুষ্ঠানে গান গেয়েছেন শুভলক্ষী দে। তিনি জানিয়েছেন, অনুষ্ঠানে এসে গাড়িতেই কিছুক্ষণ বসেছিলেন উনি। এত ভিড় যে ঢুকতে পারছিলেন না। তার পর তাকে এনে গ্রিনরুমে বসানো হয়। আমি গিয়ে দেখা করি কথাও হয় তার সাথে। অনুষ্ঠানের সময় ভীষণই এনার্জেটিক লাগছিল। তাকে দেখে মনেই হয়নি তিনি অসুস্থ ছিলেন। আমিতো ভাবতেই পারিনি এমনটা হবে।
নেটমাধ্যমে কেকে-র অনুষ্ঠানের ভিড় নিয়ে অনেকেই পোস্ট করেছেন। এরমধ্যে অনেকেরই অভিযোগ, আসনের তুলনায় দর্শকের সংখ্যা বেশি ছিল মঞ্চে। হলের শীতাতপ যন্ত্রও ঠিকমতো কাজ করছিল না। তবে এর পাল্টা পোস্টও করেছেন কেউ কেউ। তাদের মতে, প্রচুর দর্শক এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন আলোর কারণে হলের ভেতরে গরম লাগাটাই স্বাভাবিক। আবার কারও দাবি, হলের দরজা খোলা ছিল বলে শীতাতপ যন্ত্রের কার্যকারিতা উপলব্ধি করা যাচ্ছিল না।
‘খুব মজা’ করবেন বলে কলকাতায় এসেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওবার্তায় এমনটাই জানিয়েছিলেন কেকে। কিন্তু মঙ্গলবার রাতে লাইভ শো শেষে সব কিছুর আচমকা সমাপ্তি ঘটলো। স্টেজ পারফর্ম করার সময় অসুস্থ বোধ করেন ৫৪ বছর বয়সী কেকে। হোটেলে ফেরার পর অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
